উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলা জেলার লালমোহন উপজেলার কচুয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে মানছুর আহমেদ হাওলাদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। জমজমাট এই ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
মানছুর রাবেয়া ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানো। এর মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করা হয়।
এতে মানছুর রাবেয়া ফাউন্ডেশনের উদ্যোক্তা হিসেবে রয়েছেন জাহিবুর রহমান সুমন হাওলাদার এবং ফাইনালে ভাই ভাই একাদশ বনাম পিপীলিকা একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। ফুটবল গ্রামবাংলার একটি অত্যন্ত জনপ্রিয় খেলা এবং এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়।
পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। মানছুর আহমেদ হাওলাদারের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ গোল্ডকাপ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।