উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সন্ত্রাস, চাঁদাবাজি, মাফিয়াতন্ত্র ও কিশোর গ্যাংমুক্ত শান্তিপূর্ণ ধলিয়া গড়ার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে এগিয়ে যেতে চান আবুল খায়ের লিংকন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ফেনী সদর উপজেলার ৮ নম্বর ধলিয়া ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে তাঁকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা। স্থানীয় ভোটারদের একাংশও তাঁকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
আবুল খায়ের লিংকন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ধলিয়াকে নিরাপদ, আধুনিক ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে চান তিনি। লিংকনের অঙ্গীকার—ধলিয়ায় কোনো ধরনের গুন্ডাতন্ত্র, মাফিয়াতন্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির জায়গা থাকবে না।
আবুল খায়ের লিংকন বলেন, ধলিয়ায় কাউকে গুন্ডাতন্ত্র কায়েম করতে দেব না। ধলিয়াকে গুন্ডামি, মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হই বা না হই, মানুষের পাশে থেকে এসব সামাজিক সমস্যা মোকাবিলায় কাজ করে যাব।
তিনি আরও বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি। ইউনিয়ন পরিষদ হবে মানুষের আস্থা ও অধিকার প্রতিষ্ঠার জায়গা, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ধলিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক আলোচনা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী আবুল খায়ের লিংকনও আলোচনায় রয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বিএনপির দলীয় প্রক্রিয়া ও সিদ্ধান্তের ওপর।
ধলিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে নিরাপত্তা, উন্নয়ন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ এবং সহজ নাগরিক সেবা। এক কলেজপড়ুয়া তরুণ ভোটার বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে আবুল খায়ের লিংকনের মতো নেতৃত্বকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
ধলিয়া বাজারের এক ব্যবসায়ী বলেন, বাজারের নিরাপত্তা, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং যানজট নিরসনে কার্যকর উদ্যোগ চাই। বালুয়া চৌহানী বাজারের এক রিকশাচালক বলেন, গরিব মানুষের কথা শুনবেন, বিপদে পাশে দাঁড়াবেন—এমন চেয়ারম্যান চাই।
বাগের হাট বাজারের এক শিক্ষক বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশের পাশাপাশি শিক্ষা ও তরুণদের সুন্দর ভবিষ্যৎ গঠনে যিনি ভূমিকা রাখবেন, আমরা এমন নেতৃত্ব প্রত্যাশা করি। ঠাকুর হাটের এক কৃষক বলেন, কৃষকের সমস্যা বুঝবেন, এলাকার উন্নয়নে কাজ করবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন—এমন চেয়ারম্যান প্রয়োজন।
সম্ভারিয়া বাজারের এক সিএনজিচালক বলেন, আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত শান্তিপ্রিয় ধলিয়া চাই। স্থানীয় ভোটারদের প্রত্যাশা, নির্বাচনে যিনিই চেয়ারম্যান নির্বাচিত হোন, তাঁকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।