উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রবিবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় কৃষি বর্জ্য থেকে তৈরি বায়োচারের বহুমুখী সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। ‘বায়োচার ফর সয়েল হেলথ, নিউট্রিয়েন্ট এফিশিয়েন্সি অ্যান্ড সাসটেইনেবল ক্রপ প্রোডাকশন’ শীর্ষক এই কর্মশালায় বিশেষজ্ঞরা জানান, সঠিক ব্যবস্থাপনায় বায়োচার মাটির গুণাগুণ উন্নয়ন ও সারের অপচয় রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুর রহমান জাহাঙ্গীর। তিনি জানান, গবেষণায় দেখা গেছে বায়োচার ব্যবহারে ভুট্টার ফলন ২৯ শতাংশ, আউশ ধান ২৩ শতাংশ এবং বোরো ধানের ফলন ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া বায়োচার প্রলেপযুক্ত ইউরিয়া ব্যবহার করে ২৫ শতাংশ নাইট্রোজেন সার সাশ্রয় করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
বায়োচার মাটির ভৌত গুণাগুণ উন্নত করার পাশাপাশি পানি ধারণক্ষমতা ১৩০ শতাংশ পর্যন্ত বাড়াতে সক্ষম। তবে এটি সরাসরি জমিতে প্রয়োগ না করে কম্পোস্ট বা জৈব সারের সাথে মিশিয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো: আব্দুস সালাম জানান, বায়োচারের অর্থনৈতিক লাভজনকতা প্রমাণ করা গেলে জাতীয় পর্যায়ে প্রণোদনা ও ভর্তুকি প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।
তবে প্রযুক্তিটি মাঠপর্যায়ে সম্প্রসারণের আগে এর মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তাবিধি প্রণয়নের ওপর জোর দিয়েছেন বিজ্ঞানীরা। ড. মোহাম্মদ মনজুরুল কাদির ভুট্টার অবশিষ্টাংশ থেকে সাশ্রয়ী উপায়ে বায়োচার তৈরির প্রস্তাব দেন। বক্তারা বলেন, সঠিক মানদণ্ড নির্ধারণ ও দীর্ঘমেয়াদী গবেষণার মাধ্যমেই বায়োচার প্রযুক্তিকে সাধারণ কৃষকের কাছে জনপ্রিয় করে তোলা সম্ভব।