উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল উঁচিয়ে ধরার ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, এই দৃশ্য জনমনে ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয়। নিজের নিরাপত্তা ছাড়া বৈধ অস্ত্র জনসম্মুখে ব্যবহার করে আতঙ্ক সৃষ্টি করা আইনবিরোধী বলেও তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর আইন নিজের হাতে তুলে নেওয়া অনভিপ্রেত। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই কর্মকাণ্ডের ভিডিও প্রচার করে তিনি শপথ ভঙ্গ করেছেন বলে জামায়াত অভিযোগ করেছে। সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এ ঘটনার প্রতিকার এবং মাদকবিরোধী অভিযানে জনবান্ধব পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে দলটি।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এই মহড়াকে সন্ত্রাসবাদের প্রচার হিসেবে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ইশরাক হোসেনের এই হীন কর্মকাণ্ড হতাশাজনক। সরকার মাদকবিরোধী অভিযানের নামে নাটক করছে অভিযোগ করে তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।