উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার আশুলিয়ার শ্রীপুর বৃহত্তর পাইকারি কাপড়ের মার্কেটের সামনে সরকারি জায়গা দখল করে অস্থায়ী দোকান নির্মাণ এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে। মার্কেটের মালিক সমিতি ও মালিকপক্ষের দাবি, এসব অবৈধ দোকানের কারণে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।
মালিক সমিতির তথ্যমতে, মার্কেটে ১৭০টিরও বেশি দোকান রয়েছে। মার্কেটের সামনের দোকানগুলোর উচ্চতা বাড়িয়ে দেওয়ার ফলে সড়ক থেকে মূল মার্কেটের দোকানগুলো দেখা যাচ্ছে না। মালিকপক্ষ বারবার অনুরোধ করলেও দখলদাররা তা মানছেন না বলে অভিযোগ রয়েছে।
মার্কেটের কর্ণধার ইমাম হাসান জানান, প্রতিদিন ৮ থেকে ১০ জন ব্যক্তি এসে এসব দোকান থেকে চাঁদা আদায় করছেন। সরকারি জায়গা দখল করে চিহ্নিত সন্ত্রাসীরা প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মালিকপক্ষ জানিয়েছে, আলোচনার মাধ্যমে সমাধান না হলে তারা আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করবেন। তবে এ বিষয়ে অভিযুক্ত দোকানদার বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।