উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বর্তমান করদাতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে কর প্রদানে সক্ষম নতুন ব্যক্তিদের করের আওতায় আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, অর্থনীতিতে অধিক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে রাজস্ব আহরণ সহজ হবে এবং দেশের উন্নয়ন কার্যক্রম গতিশীল হবে।
শনিবার ঢাকার একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করাই সরকারের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে রপ্তানি বহুমুখীকরণ, বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, বাংলাদেশে কর-জিডিপি অনুপাত প্রায় ৬ দশমিক ৭ শতাংশ, যা ভারত ও চীনের তুলনায় অনেক কম। উন্নত দেশের মতো রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে হলে কর ব্যবস্থাপনায় কার্যকর সংস্কার আনা জরুরি। পাশাপাশি করদাতাদের হয়রানিমুক্ত সেবা প্রদান এবং কর প্রদানে সক্ষম ব্যক্তিদের স্বেচ্ছায় উৎসাহিত করার ওপর জোর দেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে জনগণের স্বার্থ ও বিনিয়োগের সুফলকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পেশাজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, কর সংক্রান্ত জটিলতা কমানো ও ডিজিটাল কর ব্যবস্থা সম্প্রসারণে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কর প্রশাসনকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার আহ্বান জানান তিনি।