উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অনলাইনে মাদক বিক্রির একটি চক্রের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চক্রটি ওয়েবসাইট ও গোপন টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে সহজেই কুশ ও সিনথেটিক গাঁজা বিক্রি করছে বলে জানিয়েছে সংস্থাটি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে গত শুক্রবার রাজধানীর ভাটারার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ সাইম ইসলাম নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দুই মাস আগে নিজে ওয়েবসাইট তৈরি করে টেলিগ্রামে একটি গোপন গ্রুপ খুলেছিলেন, যেখানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী যুক্ত রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, মাদক ব্যবসায়ীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন কৌশলে মাদক বিক্রির চেষ্টা করছেন এবং সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। এই ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।