উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোরের মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের নাহিদুর রহমান তুহিন, তাঁর স্ত্রী ও দুই মেয়ের কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন—নাহিদুর রহমান তুহিন, তাঁর স্ত্রী আফসানা এবং তাঁদের সাত বছর বয়সী মেয়ে রোবাইনা ও তিন বছর বয়সী মেয়ে সুনাইনা।
পরিবারটি ঢাকার শ্যামলীতে বসবাস করত। নাহিদুর রহমান গ্র্যান্ড পাওয়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনদের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ইনানীর টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে তাঁদের থাকার জন্য একটি কক্ষ বুকিং দেওয়া হয়েছিল। শনিবার (১৭ অক্টোবর) সকালে রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নাহিদুরের বড়ভাই জাহিদুর রহমান প্রিন্স জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তিনি ভাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। নাহিদুরের কর্মস্থলের কর্মকর্তারাও তাঁদের খোঁজ নেওয়ার চেষ্টা করেন।
নাহিদুর রহমান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।এ ঘটনায় মনিরামপুরের মোহনপুর গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।