উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং, লেনদেনের সীমা এবং তদারকি সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সার্কুলার অনুযায়ী, পূর্ণাঙ্গ মানি চেঞ্জারদের প্রতিটি লেনদেনের রেকর্ড কেন্দ্রীয় ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
মানি চেঞ্জারদের জন্য দৈনিক নগদ স্থিতি ও বৈদেশিক মুদ্রার সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। পূর্ণাঙ্গ মানি চেঞ্জারদের লাইসেন্সের মেয়াদ এক বছর এবং নবায়নের আবেদন মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগেই করতে হবে। এছাড়া, স্বর্ণ আমদানির ক্ষেত্রে প্রতিটি চালানের জন্য বাংলাদেশ ব্যাংকের পৃথক পূর্বানুমোদন নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।
স্বর্ণ পরিশোধনকারী প্রতিষ্ঠানের জন্য পাঁচ বছরের মেয়াদে অনুমতির ব্যবস্থা রাখা হয়েছে, যার প্রাথমিক ফি ৩০ লাখ টাকা। ব্যাংক, মানি চেঞ্জার এবং স্বর্ণ ব্যবসায়ীদের জন্য অভিন্ন নিয়ন্ত্রক কাঠামো তৈরির লক্ষ্যেই এই সমন্বিত নীতিমালা জারি করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, এডি ব্যাংকগুলো ভ্রমণকারীদের প্রতি যাত্রায় সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার সরবরাহ করতে পারবে। পাশাপাশি, মানি চেঞ্জাররা ব্যক্তিগত ভ্রমণ সুবিধার বিপরীতে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার বিক্রি করতে পারবে। নিয়ম লঙ্ঘন করলে লাইসেন্স বাতিলের ক্ষমতাও কেন্দ্রীয় ব্যাংকের থাকবে।