উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিগত আওয়ামী লীগ সরকার স্বাধীনতার দোহাই দিয়ে দিল্লির কৃতদাসের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, গত ১৬-১৭ বছরে বাংলাদেশকে একমুখী করার পাশাপাশি নীরবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে দেশের সার্বভৌমত্বকে দুর্বল করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, দেশের সংস্কৃতি নিয়ন্ত্রণের মাধ্যমে রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছিল। পার্শ্ববর্তী দেশের সিনেমা ও শিল্পীদের প্রাধান্য দিয়ে বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে ধ্বংসের পাঁয়তারা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বিগত সরকারের প্রধানমন্ত্রীর ভারতপ্রীতির সমালোচনা করে রিজভী প্রশ্ন তোলেন, দেশের খনি, সম্পদ বা জমি—কী এমন দেওয়া হয়েছিল যা জনগণ জানতে পারেনি। অনুষ্ঠানে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন বলেন, হাসিনার পতনের পর গণতান্ত্রিক মুক্তি মিললেও সাংস্কৃতিকভাবে এখনো পূর্ণ স্বাধীনতা আসেনি। ধর্মের অজুহাতে সাংস্কৃতিক চর্চায় বাধা প্রদান এখনো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।