উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলন শেষে বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ও উদ্বেগের কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী পর্বে তিনি জানান, বিশ্ব অর্থনীতির স্থিতিস্থাপকতা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা ও এশিয়ার গতিশীলতা আশার আলো দেখাচ্ছে। তবে এআইনির্ভরতা, মূল্যস্ফীতি, ঋণের উচ্চ মাত্রা, যুদ্ধ ও জলবায়ু ঝুঁকি নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।
সম্মেলনে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদানের সঙ্গে সংবাদ সম্মেলনে জর্জিয়েভা এআই খাতের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি তুলে ধরেন। তিনি বলেন, প্রবৃদ্ধির জন্য কেবল একটি চালিকাশক্তির ওপর নির্ভরশীল হওয়া এক পায়ে দাঁড়িয়ে থাকার মতো। স্বয়ংক্রিয় এআই এজেন্টের সাম্প্রতিক নিরাপত্তা লঙ্ঘনের পর উন্নত প্রযুক্তি নিয়ন্ত্রণে যৌথ উদ্যোগ ও সহযোগিতা বাড়াতে তাগিদ দেন তিনি।
চলতি সপ্তাহে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানেরা অংশ নেন। সেখানে আইএমএফ সতর্ক করে জানায়, উন্নত দেশগুলোতে ঋণের উচ্চ মাত্রা ও বন্ডের সুদের হার বাড়ায় আর্থিক পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে নীতিগত কঠোর অবস্থান বজায় রাখতে হতে পারে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত ও মূল্য বৃদ্ধি পায়। জর্জিয়েভা জোর দিয়ে বলেন, এই যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধির ধাক্কায় বিপাকে পড়া নিম্ন আয়ের দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা আইএমএফের দায়িত্ব।