উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার আশাপুর বাজারসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে আয়োজিত এই প্রতিযোগিতায় বীর সিংজুরী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বড়টিয়া সোনালী ক্লাব।
টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে শত শত দর্শকের সমাগম ঘটে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষকদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মাসুদুর রহমান। এছাড়া টুর্নামেন্টের উদ্বোধন করেন সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান রহমান মিঠু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার। স্থানীয় পর্যায়ে এমন আয়োজন গ্রামীণ জনপদে পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারে ভূমিকা রাখবে বলে মনে করছেন উপস্থিত অতিথিরা।
খেলা শেষে চ্যাম্পিয়ন বড়টিয়া সোনালী ক্লাবের হাতে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ বীর সিংজুরী স্পোর্টিং ক্লাবের হাতে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।