উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণে ব্যবহৃত ওজন কমানোর ওষুধ পুরুষের প্রজননক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, এসব ওষুধ ব্যবহারে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি শুক্রাণুর গুণগত মানেরও উল্লেখযোগ্য উন্নতি ঘটে।
যুক্তরাজ্যের ওয়ারউইক মেডিকেল স্কুলের গবেষকেরা গ্লুকাগন-লাইক পেপটাইড-১ (জিএলপি-১) শ্রেণির ওষুধের ওপর পরিচালিত পাঁচটি ক্লিনিক্যাল ট্রায়াল বিশ্লেষণ করেছেন। সাধারণত টাইপ-২ ডায়াবেটিস ও ওজন কমানোর জন্য এই ওষুধ বিশ্বজুড়ে জনপ্রিয়।
গবেষণায় দেখা যায়, কম টেস্টোস্টেরনের সমস্যায় ভোগা ৩০ জন পুরুষের ওপর ১৬ দিনের পরীক্ষায় হরমোনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এছাড়া টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ২৫ জন পুরুষের ওপর ২৪ সপ্তাহের পরীক্ষায় শুক্রাণুর গুণগত মান দ্বিগুণেরও বেশি উন্নত হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, পরীক্ষার শুরুতে স্বাভাবিক আকৃতির শুক্রাণুর হার ছিল মাত্র ২ শতাংশ, যা ২৪ সপ্তাহ শেষে বেড়ে ৪ শতাংশে দাঁড়িয়েছে। তবে স্থূলতার সাথে পুরুষের প্রজননতন্ত্রের সরাসরি সম্পর্ক থাকায় ওজন কমাও এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রজননক্ষমতা বাড়াতে এসব ওষুধের কার্যকারিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও বড় পরিসরে গবেষণার প্রয়োজন। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কেবল এই উদ্দেশ্যে ওষুধটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।