উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোরের মনিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ‘লাকি এন্টারপ্রাইজ’-এর মালিক মোলায়েম হোসেনের ডিলারশিপ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা সার ডিলার নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বিতর্কিত ডিলারশিপ বাতিলের দাবি জানান। তাঁদের মতে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা জরুরি।
মানববন্ধনে বক্তারা বলেন, সার কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। এ কারণে সার ডিলার নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ নিশ্চিত করতে হবে। তাঁদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মসূচিতে ঝাঁপা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ ও মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সার ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।