উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, ক্রমবর্ধমান ঋণের চাপ এবং উন্নয়ন অর্থায়নের সীমাবদ্ধতার মধ্যে স্বল্প আয়ের ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা বাড়ানোর বার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক কমিটির (আইএমএফসি) ৫৪তম বৈঠকের ঘোষণায় এই অবস্থান তুলে ধরা হয়েছে। ঋণ পুনর্গঠনের প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, দ্রুত ও সমন্বিত করা, দেশীয় রাজস্ব সংগ্রহ বাড়ানো এবং সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে সংস্থাটির নীতিনির্ধারণী কমিটি।
ঋণের দায়ে চাপে থাকা দেশগুলোর জন্য ঋণ পুনর্গঠনের প্রক্রিয়া আরো পূর্বানুমানযোগ্য ও সময়োপযোগী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কমিটি। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সব ঋণদাতার কাছ থেকে ঋণসংক্রান্ত তথ্যের স্বচ্ছতা বাড়ানোর আহ্বান জানিয়েছে আইএমএফসি। তথ্যের ঘাটতি এবং সিদ্ধান্ত নিতে দীর্ঘসূত্রতা থাকলে ঋণ সঙ্কটে থাকা দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
আইএমএফ এমন দেশগুলোকে সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে, যাদের ঋণ পরিস্থিতি টেকসই এবং সংস্কার কর্মসূচি রয়েছে কিন্তু স্বল্পমেয়াদি অর্থায়ন সঙ্কটে পড়েছে। ঋণের চাপ মোকাবিলায় শুধু নতুন অর্থায়ন নয়, নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উপরও গুরুত্ব দিয়েছে আইএমএফসি। ঘোষণায় দেশগুলোকে সামষ্টিক অর্থনৈতিক নীতির স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশীয় উৎস থেকে রাজস্ব সংগ্রহ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের মতো অর্থনীতির ক্ষেত্রে এই বার্তা বিশেষভাবে প্রাসঙ্গিক। রাজস্ব আহরণ দুর্বল হলে সরকারের উন্নয়ন ব্যয়, সামাজিক সুরক্ষা এবং ঋণের সুদ পরিশোধের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তবে ঘোষণায় বাংলাদেশের জন্য আলাদা কোনো নতুন করনীতি বা নির্দিষ্ট সংস্কার-শর্ত ঘোষণা করা হয়নি। এটি মূলত সদস্য দেশগুলোর অর্থনৈতিক নীতি ও সংস্কার নিয়ে একটি বৃহত্তর দিকনির্দেশনা।