উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্রসৈকতসংলগ্ন পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে ঘটা এ দুর্ঘটনায় রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আহত হন আরও কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় ও আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়। এরপর ধ্বংসস্তূপে আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হয়।
এদিকে এই হৃদয়বিদারক ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে এক নারীকে আর্তনাদ করে বলতে শোনা যায়, “এই জেনি, এই জেনি! আমার জেনিকে আইনা দাও! আমি কী করে, কী নিয়ে বাঁচব!” তবে জেনি নামের ব্যক্তি আগুনে আটকা পড়েছিলেন কি না কিংবা ওই নারীর সঙ্গে তাঁর সম্পর্ক কী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ভয়াবহ এ দুর্ঘটনায় হতাহতদের সঠিক পরিচয় ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। পাশাপাশি রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা কেমন ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।