উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ শনিবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত সংস্কারের রাজনৈতিক সমঝোতা হিসেবে এই সনদ তৈরি করা হয়েছিল। তবে এক বছরের মাথায় এসে সনদ বাস্তবায়নের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের বিভাজন দেখা দিয়েছে।
জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া নির্ধারণ করেছিল, ক্ষমতাসীন বিএনপি তা অনুসরণ করছে না। সংবিধান সংশোধনের জন্য বিএনপি একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করলেও বিরোধী দল তা প্রত্যাখ্যান করেছে। তারা গণভোটের রায় বাস্তবায়নের জোরালো দাবি জানিয়ে আসছে।
গত ২০ সেপ্টেম্বর জুলাই সনদে সই করা ২৬টি দল ও জোটকে মতবিনিময়ে আমন্ত্রণ জানালেও জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১টি দল সাড়া দেয়নি। দলগুলো সংবিধান সংস্কার প্রক্রিয়ার অংশ হতে চায় না। আগামী জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল সংসদে তোলার সম্ভাবনা আছে বলে বিশেষ কমিটি জানিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রকাঠামোর সংস্কার সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে। দীর্ঘ আট মাস আলোচনার পর ৩০টি রাজনৈতিক দল ও জোটের অংশগ্রহণে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। এই সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৮টিই সংবিধান-সম্পর্কিত।
গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ২৪টি দল সনদের অঙ্গীকারনামায় সই করে। পরে গণফোরাম এবং চলতি বছরের ১২ ফেব্রুয়ারি এনসিপি এতে সই করে। তবে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিলেও বামধারার চারটি দল এই সনদে সই করেনি।