উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ছোট ছেলে বিক্রম বিশ্বাসের বয়স তখন মাত্র ২৯ দিন হওয়ায় গত বছর পূজামণ্ডপে ঘুরতে বের হওয়া সম্ভব হয়নি নয়নী সোমের। এবার স্বামী বিনয় বিশ্বাস, তিন বছর বয়সী বড় ছেলে রামকৃষ্ণ বিশ্বাস ও এক বছর বয়সী বিক্রমকে নিয়ে বনানী পূজামণ্ডপে এসেছেন তিনি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপে কথা হয় নয়নীর সঙ্গে এবং দুই সন্তানকে সঙ্গে নিয়ে পূজার আনন্দ ভাগ করে নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
সাভার থেকে পরিবারের আট সদস্যকে নিয়ে বনানী পূজামণ্ডপে এসেছেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার বিকর্ণ কুমার চৌধুরী। পেশাগত জীবনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করা বিকর্ণ অবসরে যাওয়ার পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরে ঘুরে পূজার আয়োজন উপভোগ করছেন। পরিবেশ অনেক সুন্দর এবং প্রস্তুতি মনোমুগ্ধকর উল্লেখ করে তিনি বলেন, এক কথায় সবকিছুই মনোমুগ্ধকর।
বনানী পূজামণ্ডপে এবার দেবী দর্শনের পাশাপাশি দর্শনার্থীদের সামনে উঠে এসেছে নদী, পানি ও জলকেন্দ্রিক জীবন-সংস্কৃতির গল্প। গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায় জানান, ২০০৮ সালে এই মণ্ডপে পূজা শুরু হয় এবং এ বছর এটি ১৯তম বছরে পদার্পণ করেছে। নদী ও পানিকে ঘিরে যেসব জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি গড়ে উঠেছে, সেগুলো হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকায় সেই বাস্তবতা সামনে আনতে জলকে এবারের পূজার মূল ভাবনা হিসেবে বেছে নেওয়া হয়েছে।
গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মামুনুর হক জানান, দুর্গাপূজা ঘিরে বনানীসহ গুলশান বিভাগের প্রধান পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিয়মিত মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য রাখা হয়েছে এবং দর্শনার্থীদের কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। পুলিশ, পূজা উদ্যাপন কমিটি এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতায় উৎসব সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা তাঁর।