উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রাণের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার ঐতিহাসিক শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আগামী ৩১ অক্টোবরের লংমার্চের প্রস্তুতি ও সমাপনী সমাবেশের মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মোবারক হোসাইন বলেন, ১১ দলের সাত দফা দাবি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়; বরং এটি দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রাণের দাবি। তিনি অভিযোগ করেন, সরকার সংবিধান সংশোধনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাঁর ভাষ্য, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে সংবিধানের সংশোধনের পরিবর্তে সংস্কার প্রয়োজন।
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন থাকার পরও সরকার সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে বলে তাঁরা মনে করেন। জনগণের সাত দফা দাবি মেনে নিতে সরকার বাধ্য হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে লংমার্চ কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে কর্মসূচির সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। মোবারক হোসাইন আশা প্রকাশ করেন, কুষ্টিয়াবাসীর অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
মাঠ পরিদর্শনকালে যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ.কে.এম. আলী মুহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হকসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।