উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক প্রভাবের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। আজ শুক্রবার এক বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই মন্তব্য করেছে। টিআইবি জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের কৌশলগত পরিকল্পনা ও সাহসী উদ্যোগের ঘাটতির কারণে রাষ্ট্র সংস্কারের টেকসই ভিত্তি তৈরি হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেও সংবিধান সংশোধন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এখন ক্ষমতাসীন জোটের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। অন্যদিকে বিরোধী জোটও জনস্বার্থে রাষ্ট্র সংস্কারে সহায়ক ভূমিকা পালনের বদলে দলীয় রাজনৈতিক স্বার্থ রক্ষা করতেই বেশি ব্যস্ত রয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার থাকলেও বিজয়ী দলের সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যেসব অধ্যাদেশ নির্বাহী বিভাগের ক্ষমতা জোরদার করেছে, বর্তমান সরকার কেবল সেগুলোই আইনে পরিণত করেছে। অন্যদিকে জবাবদিহি প্রতিষ্ঠায় সহায়ক অধ্যাদেশগুলো রহিত বা স্থগিত করা হয়েছে। ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক শক্তির যোগসাজশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার পথ রুদ্ধ হচ্ছে এবং দখলবাজি ও দলীয়করণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রেও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, কিছু অধ্যাদেশ রহিত করার মাধ্যমে সরকার সংস্কারের বিপরীতমুখী অবস্থান নিয়েছে।
দুদক সংশোধন অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনসহ আইনে পরিণত না করে ২০০৪ সালের আইনে ফিরে যাওয়ায় কমিশনের আস্থার সংকট কাটানোর সুযোগ বাধাগ্রস্ত হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনসংক্রান্ত অধ্যাদেশ রহিত করে নতুন আইন করায় তা স্বাধীন কমিশন প্রতিষ্ঠার জন-আকাঙ্ক্ষার পরিপন্থী হয়েছে। এ ছাড়া গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ী সংস্থাগুলোকে সুরক্ষা দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। র্যাব বিলুপ্তির নামে নতুন পরিচয়ে সংস্থাটিকে আরও ক্ষমতাশালী করার সমালোচনা করেছে টিআইবি। পাশাপাশি স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য থাকলেও বাস্তবে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে সম্পদের বিবরণী প্রকাশের বিধান নিয়ে মতৈক্য হলেও সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর এর কোনো প্রতিফলন দেখা যায়নি। কর্তৃত্ববাদী আমলের পরিণতি থেকে সরকার ও রাজনৈতিক দলগুলো কেন শিক্ষা নিচ্ছে না, সেই প্রশ্ন তোলেন ইফতেখারুজ্জামান। জুলাই জাতীয় সনদ প্রণয়নের সময় যে নজিরবিহীন রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছিল, রাষ্ট্র সংস্কারের লক্ষ্য অর্জনে সব রাজনৈতিক দলকে সেই সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানিয়েছে টিআইবি।