উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার করে ৮৫ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করেছে এনবিআরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই তথ্য নিশ্চিত করেছে।
তদন্তে দেখা গেছে, ইউএজিএম বিডি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি কাগজে-কলমে রপ্তানি দেখালেও বাস্তবে তাদের কারখানায় কোনো কার্যকর উৎপাদন ব্যবস্থা ছিল না। গত ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়ায় অবস্থিত এই প্রতিষ্ঠানে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দার একটি বিশেষ দল।
প্রতিষ্ঠানটি শুল্কমুক্ত সুবিধায় পিভিসি ফ্লেক্স, পিভিসি ফিল্ম, আর্টিফিশিয়াল লেদার ও ডুপ্লেক্স বোর্ডসহ বিভিন্ন কাঁচামাল আমদানি করত। এসব কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে রপ্তানির কথা থাকলেও, তারা সেগুলো অবৈধভাবে স্থানীয় খোলাবাজারে বিক্রি করে দিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
অভিযানকালে কর্মকর্তারা দেখেন, কারখানার মেশিনগুলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এবং উৎপাদনের উপযোগী পরিবেশ নেই। এছাড়া ঘোষিত উৎপাদনের তুলনায় বিদ্যুৎ বিল ছিল অত্যন্ত কম। কারখানায় বিকল্প বিদ্যুৎ বা গ্যাসচালিত কোনো উৎপাদন ব্যবস্থার অস্তিত্বও খুঁজে পাওয়া যায়নি।
রাজস্ব ফাঁকির অভিযোগে ইতিমধ্যে মামলা প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদনটি কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর কাছে পাঠানো হয়েছে। এনবিআর জানায়, নিয়ম মেনে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দিতে নজরদারি আরও জোরদার করা হবে।