উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশ বদলাবে মানুষের শক্তিতে এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় নাগরিক পার্টির নতুন উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ বিকেল ৩টায় উপজেলার হাজীগঞ্জ বাজার মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ডা. মিনহাজুল আবেদিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা এনসিপির আহ্বায়ক মাসুম বিল্লাহ ও অ্যাডভোকেট শামসুজ্জামান সোহেল। এ ছাড়া রামগতি উপজেলা এনসিপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক আলমগীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মিনহাজুল আবেদিন বলেন, বিএনপির বর্তমান অবস্থা দেখে মনে হয় তারা বেশিদিন টিকতে পারবে না এবং আওয়ামী লীগ শক্তিশালী হলেও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তিনি আরও বলেন, এনসিপিতে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের কোনো স্থান নেই এবং একটি শিক্ষিত ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলা এনসিপির আহ্বায়ক মাসুম বিল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের পর গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি নতুনভাবে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। জনগণের সহযোগিতা পেলে ২০৩১ সালে এনসিপি সরকার গঠন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় বক্তারা নতুন উপজেলা কমিটিকে সুসংগঠিত করার পাশাপাশি দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।