উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বসেছে ঐতিহ্যবাহী ঢাকের হাট। এ হাটে পণ্য নয়, বিক্রি হয় ঢাকি ও বাদ্যযন্ত্রশিল্পীদের শ্রম, সময় ও দক্ষতা। বৃহস্পতিবার সকাল থেকে কটিয়াদী পৌরসভার পুরানবাজার এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠসংলগ্ন স্থানে শুরু হয়েছে এ হাট।
ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে কটিয়াদীর চারিপাড়া গ্রামের সামন্ত রাজা নবরঙ্গ রায় তার প্রাসাদে দুর্গাপূজার আয়োজন করতেন। পূজার জন্য দক্ষ ঢাকি নির্বাচন করতে তিনি মুন্সীগঞ্জ অঞ্চলে আমন্ত্রণ পাঠান। রাজার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন এলাকার ঢাকি দল নৌপথে পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরের যাত্রাঘাটে সমবেত হন।
কটিয়াদী পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার ঢাকি দলগুলোর সঙ্গে সর্বোচ্চ এক লাখ এবং সর্বনিম্ন পাঁচ হাজার টাকায় চুক্তি হয়েছে। দলের সদস্যসংখ্যা, বাজনার মান, পরিবেশনার ধরন ও যাতায়াতের দূরত্বের ওপর নির্ভর করে বায়নার পরিমাণ। হাটসংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, দুই দিনে এখানে তিন শতাধিক ঢাকি ও বাদ্যযন্ত্রশিল্পীর সমাগম ঘটেছে।
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দীন বাসসকে বলেন, প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী কটিয়াদীর ঢাকের হাটের পরিবেশ উন্নয়ন ও ঢাকিদের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। তাদের জন্য শৌচাগার ও থাকার শেড নির্মাণের ব্যবস্থাও করা হবে। এ ছাড়া দুর্গাপূজায় মণ্ডপপ্রতি চালের বরাদ্দ ৫০০ থেকে বাড়িয়ে ৬শ’ কেজি করা হয়েছে।