উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন আইপিএল মাতানোর পর এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো দলের কোচিংয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এই দায়িত্বের মধ্য দিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন যুবরাজ। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন সৌরভ। এর আগে ২০১৫ সালের আইপিএলে রেকর্ড ১৬ কোটি রুপিতে যুবরাজকে দলে নিয়েছিল দিল্লি, যা তৎকালীন সময়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ছিল। দীর্ঘ বিরতির পর সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজিতেই কোচ হিসেবে ফিরছেন তিনি।
সাম্প্রতিক সময়ে ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন যুবরাজ। তাঁর কাছ থেকে পরামর্শ পেয়ে উপকৃত হয়েছেন শুবমান গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো খেলোয়াড়রা। ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের এই তারকা এবার নিজের অভিজ্ঞতাকে দিল্লির হয়ে কাজে লাগাতে চান। এখন পর্যন্ত কোনো শিরোপা না জেতা দিল্লিও যুবরাজের অভিজ্ঞতায় ভর করে ট্রফি খরা কাটাতে আশাবাদী।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। এছাড়া আইপিএলে ১৩২টি ম্যাচ খেলে যুবরাজ ২ হাজার ৭৫০ রান করার পাশাপাশি বল হাতে ৩৬টি উইকেট শিকার করেছেন।
যুবরাজকে ফ্র্যাঞ্চাইজিতে স্বাগত জানিয়ে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল বলেন, ‘যুবরাজকে দিল্লি ক্যাপিটালস পরিবারে পেয়ে আমরা দারুণ আনন্দিত। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচজয়ী সে। বর্তমান সময়ের অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার অভিজ্ঞতা, জয়ের মানসিকতা ও খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের দক্ষতা আমাদের দলের জন্য মূল্যবান হবে।’
নতুন দায়িত্বে উচ্ছ্বাস প্রকাশ করে যুবরাজ বলেন, ‘দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার পুরোনো সম্পর্ক রয়েছে এবং মালিকদেরও আমি ভালোভাবে চিনি। সে কারণে সুযোগটি আমার কাছে বিশেষ।’ সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি আরও জানান, দাদার সঙ্গে কোচ হিসেবে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং প্রতিভাবান এই দলটির সঙ্গে কাজ শুরু করতে তাঁর আর তর সইছে না।