উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নাইজেল ক্লার্কের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতের সংস্কার ও পুনঃমূলধনীকরণ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ নানা বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও দেশের সামগ্রিক অগ্রগতি বিবেচনায় নিয়ে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের সংস্কার কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফ কোনো প্রশ্ন তোলেনি জানিয়ে তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ সত্ত্বেও দেশের অগ্রগতি প্রশংসনীয়। তবে ব্যাংকিং খাত ও করব্যবস্থা নিয়ে সংস্থাটির কিছু পর্যবেক্ষণ রয়েছে, যা পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে।
নতুন কর্মসূচির শর্ত ও বাস্তবায়ন নিয়ে আলোচনা অব্যাহত থাকবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো বহুপক্ষীয় সংস্থাগুলোর সাথে শুধু ঋণের সম্পর্ক নয়, টেকসই অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চায় সরকার। চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুতই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।