উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পণ্যের সঠিক মান ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মপরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বিভিন্ন বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। খাদ্যের পূর্ণ বিশুদ্ধতা নিশ্চিত করা সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে ৫৭তম বিশ্ব মান দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএসটিআই আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শেয়ার্ড ভিশন ফর আ বেটার ওয়ার্ল্ড-অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি’, যার ভাবার্থ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।
শিল্পমন্ত্রী বলেন, জনসাধারণ যে পণ্য টাকা খরচ করে ব্যবহার করবেন, তার ন্যূনতম সন্তুষ্টি ও গুণগত মান নিশ্চিত করা যেকোনো দায়িত্বশীল সরকারের প্রধান কাজ। মানুষ যে ভবন বা পরিবেশে থাকবে কিংবা যে খাদ্য ও জ্বালানি ব্যবহার করবে, তার মান নিয়ে সংশয় থাকলে আতঙ্ক তৈরি হয়। সেই নিরাপত্তাবোধ তৈরি করতেই বিএসটিআই-এর জনবল ও সক্ষমতা বাড়ানো হচ্ছে।
সংস্থার চলমান কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী জানান, বিএসটিআই-এর সক্ষমতা বাড়াতে তিনটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে বিএসটিআই কমপ্লেক্সে প্রায় ৮৫০ কোটি টাকা ব্যয়ে ১৩ তলা ভবন নির্মাণ ও ৬৩টি আধুনিক ল্যাব স্থাপন করা হচ্ছে। এছাড়া ১০টি জেলায় নতুন পরীক্ষাগার এবং প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে একটি মেট্রোলজি ল্যাব তৈরির প্রকল্প নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ সংস্থাগুলোর সঙ্গে পারস্পরিক স্বীকৃতি চুক্তির লক্ষ্যে কাজ চলছে এবং হালাল সার্টিফিকেশনের মতো ক্ষেত্রেও বৈশ্বিক মান অর্জনে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বাজারে থাকা সয়াবিন তেলের ১৯৩টি নমুনা পরীক্ষা করে ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি বলেও তিনি জানান।
বিএসটিআই’র মহাপরিচালক কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।