উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে পুলিশের তৎকালীন মোহাম্মদপুর জোনের ডিবির পরিদর্শক মনিরুজ্জামান সাক্ষ্য প্রদান করেন। তাঁর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী জেরা সম্পন্ন করেন।
এ পর্যন্ত মামলাটিতে মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন। একই সঙ্গে মামলার বাদী বদিউল আলম মজুমদারকে পুনরায় জেরার নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০১৮ সালের ১০ আগস্ট রাতে বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেছিলেন। বর্তমানে মামলার ৯ জন আসামি জামিনে রয়েছেন। বুধবারের শুনানিতে ছয়জন আসামি আদালতে সশরীরে উপস্থিত ছিলেন, তবে তিনজনের অনুপস্থিতিতে তাঁদের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত সাক্ষীকে জেরা করার অনুমতি প্রদান করেন।