উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক অর্থব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অর্থপাচার, দুর্নীতি, সন্ত্রাসে অর্থায়ন এবং অবৈধ আর্থিক প্রবাহ মোকাবিলায় নতুন উদ্যোগ নিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি এ লক্ষ্যে অ্যান্টি-মানি লন্ডারিং অ্যান্ড অ্যান্টি-করাপশন থিমেটিক ফান্ড বা এএমএলএসি চালু করছে। বুধবার ব্যাংককে চলমান মহাসম্মেলনে আইএমএফ শীর্ষ কর্মকর্তারা এই তথ্য জানান।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার বুধবার আয়োজিত এক আলোচনায় এই তথ্য প্রকাশ করা হয়। সংস্থাটির ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড্যান কাটজ এতে বক্তব্য রাখেন। সদস্য দেশগুলোকে আর্থিক অপরাধ প্রতিরোধ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে এই তহবিল সহায়তা দেবে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির ক্ষেত্রে এই উদ্যোগের গুরুত্ব বেশ কয়েকটি জায়গায় বিশেষভাবে প্রাসঙ্গিক। এর মধ্যে রয়েছে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্তকরণ এবং অবৈধ অর্থপ্রবাহ মোকাবিলা। দেশ থেকে অর্থপাচারের ঝুঁকি মোকাবিলায় শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, কার্যকর নজরদারি ও তথ্য বিনিময়ও জরুরি।
তবে এএমএলএসি তহবিল থেকে বাংলাদেশ নির্দিষ্ট পরিমাণ অর্থ বা নতুন ঋণ পাবে- এমন কোনো তথ্য প্রকাশিত কর্মসূচিতে উল্লেখ নেই। এটি মূলত সক্ষমতা উন্নয়ন ও কারিগরি সহায়তার একটি কাঠামো, তাই একে নতুন ঋণ কর্মসূচি হিসেবে দেখা ঠিক হবে না। বাস্তবায়নে ঘাটতি থাকলে নতুন তহবিলও কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবে না।