উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরাসরি দলের রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও জামায়াতে ইসলামীর আদর্শে বিশ্বাসী ও শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে দলটি। মূলত নীতিগত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলকে পরামর্শ দেওয়ার লক্ষ্যেই এই পরিষদ গঠনের পরিকল্পনা করা হয়েছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে এ নিয়ে আলোচনা শুরু হলেও জাতীয় নির্বাচনের পর তা গতি পায়। গত জুনে অনুষ্ঠিত মজলিশে শুরার বৈঠকে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।
সূত্র জানায়, সাবেক আমলা, ব্যবসায়ী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের এই পরিষদে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা চলছে। এমনকি অন্য ধর্মাবলম্বী শুভাকাঙ্ক্ষীদেরও এই পরিষদে রাখার একটি প্রস্তাব রয়েছে। সরাসরি সাংগঠনিক দায়িত্ব পালন না করলেও, দেশের প্রয়োজনে বা দল ক্ষমতায় গেলে নীতিনির্ধারণে তারা পরামর্শ দেবেন।
এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে জামায়াতের গঠনতন্ত্রে নতুন ধারা বা উপধারা যুক্ত করা হবে। দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, বিষয়টিতে কোনো তাড়াহুড়া করা হচ্ছে না। নির্বাহী পরিষদ ও মজলিশে শুরার পরবর্তী বৈঠকে কাঠামো ও সদস্য নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।