উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীতে চাঁদাবাজি, নারী উদ্যোক্তাকে হুমকি, বাড়িঘর ভাঙচুর এবং কিশোরীকে উত্ত্যক্ত করার গুরুতর অভিযোগে নোয়াখালী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ আকবরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন। বহিষ্কৃত আকবর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মফিজ উল্লাহর ছেলে।
কাদির হানিফ ইউনিয়নের নারী উদ্যোক্তা বিবি রহিমা (বেবি) অভিযোগ করেন, আকবর বিভিন্ন সময় তাঁর খামার থেকে মাছ ও হাঁস-মুরগি চুরি করতেন এবং সম্প্রতি তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত ১১ অক্টোবর সন্ধ্যায় আকবরের নেতৃত্বে কয়েকজন তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং খামারের কর্মচারী জামালকে মারধর করে খালে ফেলে দেয়।
একই এলাকার রুমি বেগম নামের অপর এক নারী অভিযোগ করেন, তাঁর ১৩ বছর বয়সী স্কুলপড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে আকবর প্রতিনিয়ত উত্ত্যক্ত করতেন। বিষয়টি পরিবারকে জানানোর পর আকবর ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে তাঁর হাতে তুলে দেওয়ার হুমকি দেন, অন্যথায় পরিবারটি সমাজে মুখ দেখাতে পারবে না বলে শাসান। এ ঘটনায় নিজের মেয়ের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন ওই নারী।
অভিযুক্ত আকবরের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা জানান, আকবরের অপকর্মে তারা অতিষ্ঠ। পুলিশ সুপারের কাছে অভিযোগের পর ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।