উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী সময়ে ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণ এবং প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সফররত ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির ইউরোপকে অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার হিসেবে উল্লেখ করে দীর্ঘমেয়াদি প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও শুল্কবহির্ভূত বাধা দূর করার ওপর গুরুত্ব দেন। তিনি সিলেটসহ বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত সবজি চাষ, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সরবরাহব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পাটবীজ উদ্ভাবন ও বহুমুখী পাটপণ্য উৎপাদনে যৌথ গবেষণার বিষয়ে ডাচ সহযোগিতা প্রত্যাশা করেন।
নেদারল্যান্ডসের মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে কৃষিপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, সার কারখানার আধুনিকায়নে ডাচ প্রতিষ্ঠান স্ট্যামিকার্বনের প্রযুক্তি এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ আলোচনা করে।
এ ছাড়া লালদিয়া টার্মিনালসহ বন্দর অবকাঠামো উন্নয়ন, আধুনিক লজিস্টিকস এবং নদী খনন ও পানি ব্যবস্থাপনায় ডাচ গবেষণা সংস্থা ডেল্টারেসের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এবং বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলসহ উভয় দেশের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।