উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা ও অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি এখন পুরোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে লগইন প্রক্রিয়ায় বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে।
সাইবারনিউজের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচার কার্যকর হলে পুরোনো সফটওয়্যার ব্যবহারকারীদের ফোন আপডেট করার তাগিদ দেবে অ্যাপটি। অপারেটিং সিস্টেম আপডেট না করা পর্যন্ত ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবেন না। বর্তমানে সীমিত সংখ্যক বিটা ব্যবহারকারীর ওপর এই ফিচার পরীক্ষা করা হচ্ছে।
পুরোনো অপারেটিং সিস্টেমে থাকা নিরাপত্তা ত্রুটির কারণে ব্যবহারকারীর ডিভাইস ম্যালওয়্যার ও সাইবার হামলার ঝুঁকির মুখে পড়ে। তাই অ্যাপের আধুনিক সংস্করণ ব্যবহারের পাশাপাশি ফোনের অপারেটিং সিস্টেমও হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
নিরাপত্তা বাড়াতে হোয়াটসঅ্যাপ ‘রেস্ট্রিক্টেড চ্যাট’সহ আরও বেশ কিছু নতুন ফিচার যুক্ত করছে। এর মধ্যে চ্যাট এক্সপোর্ট বন্ধ করা, স্বয়ংক্রিয় মিডিয়া ডাউনলোড নিয়ন্ত্রণ এবং এআই ফিচারের ব্যবহার সীমিত করার মতো সুবিধাগুলো যুক্ত হতে যাচ্ছে।