উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ কর্মী নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইতালি সরকার। ইতালীয় ভাষা, সংস্কৃতি ও প্রয়োজনীয় কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দিয়ে কর্মীদের দেশটিতে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। আগামী মাসেই এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা নিয়েছে ইতালি।
মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। বৈঠকে বৈধ অভিবাসন বৃদ্ধি, শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি ইতালিতে সুনামের সঙ্গে বসবাস করছেন বলে বৈঠকে উল্লেখ করা হয়।
রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানান, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার লক্ষ্যে আগামী মাসে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এই প্রশিক্ষণ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।