উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকায় অনুষ্ঠিত সার্ক কৃষি কেন্দ্রের (এসএসি) ১৮তম পরিচালনা পর্ষদ সভায় দক্ষিণ এশিয়ার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক কৃষি সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সভায় জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব মো. সেলিম খান বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গতিশীল ও টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলা জরুরি। তিনি আন্তঃসীমান্ত উদ্ভিদ ও প্রাণীর রোগবালাইসহ অভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ ও জ্ঞান বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভার সভাপতি ও নেপালের প্রতিনিধি শবনাম শিবাকোটি বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ অঞ্চলের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্মিলিত আঞ্চলিক উদ্যোগ ও সার্ক কৃষি কেন্দ্রের কার্যকর ভূমিকা প্রয়োজন।
সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা সুরক্ষায় টেকসই কৃষিচর্চার আহ্বান জানান। এছাড়া বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম জীববৈচিত্র্য রক্ষা ও কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব কৃষি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব যৌথ গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা সরাসরি এবং ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।