উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে এসব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। জানমালের ক্ষয়ক্ষতি কমাতে এই ধরনের প্রস্তুতির গুরুত্বের ওপর বিশেষ জোর দেওয়া হয় আলোচনা সভায়। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।