উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে লাগা এই আগুন মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে নির্বাপণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
অগ্নিনির্বাপক বাহিনীর ১০টি ইউনিটের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, সরু গলি, পানির সংকট এবং ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। এছাড়া ভবনটির বিভিন্ন গুদাম তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করতেও সময় লেগেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, ভবনটিতে প্রসাধনী ও ওষুধসহ বিভিন্ন পণ্যের গুদাম ছিল। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।