উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে ক্রমবর্ধমান হত্যা, ধর্ষণ ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সোমবার ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
বৈঠকে রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি। ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেসামরিক মানুষের জীবন রক্ষায় সব পক্ষকে অবশ্যই সংঘাতমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মাওলানা মামুনুল হক ইসরায়েলকে অঞ্চলের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেন। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইসরায়েলকে শক্তিশালী করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। বৈঠকে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।