উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলার লালমোহন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত দেড় মাস ধরে চলা এই প্রকোপে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন। চলতি মাসের প্রথম ১০ দিনে ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যেখানে সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল ৪৩ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রমাগঞ্জ ইউনিয়নের সুরমা বেগম জানান, জ্বরের তীব্রতা কমলে পরীক্ষা করিয়ে তিনি ডেঙ্গু শনাক্ত করেন। হাসপাতাল থেকে সব ওষুধ না পাওয়ায় বাইরে থেকে কিছু ওষুধ কিনতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুর পাশাপাশি হাম, নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীরাও সেবা নিতে আসছেন। সেপ্টেম্বর মাসে হামে ৪৪ জন, নিউমোনিয়ায় ১২১ জন এবং ডায়রিয়ায় ১৮১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চলতি মাসের প্রথম ১০ দিনে হামে আক্রান্ত ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মাহমুদ তালহা সাদী জানান, জনবল সংকট থাকলেও রোগীদের সেবা নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।