উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অতিরিক্ত কোনো বিনিয়োগ ছাড়াই বিদ্যমান ব্যবস্থা পুনর্বিন্যাসের মাধ্যমে হালাল পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। এ ক্ষেত্রে তিনি যথাযথ হালাল সনদ ও প্রয়োজনীয় আন্তর্জাতিক স্বীকৃতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
শনিবার রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল হলে বিসিআইয়ের ত্রৈমাসিক জার্নালের প্রথম সংখ্যা ‘আনলকিং এক্সপোর্ট ডাইভারসিফিকেশন থ্রু হালাল প্রোডাক্ট’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনশিল্পের গুরুত্ব অপরিসীম এবং শিল্প খাতের সম্ভাবনা কাজে লাগাতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জার্নালের বিষয়বস্তু ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এর উপদেষ্টা সম্পাদক শিরাজুল ইসলাম কাদির। এরপর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে জার্নালটির মোড়ক উন্মোচন করেন বিসিআই সভাপতি। এ সময় উপস্থিত অতিথিদের মাঝে জার্নালের কপি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিসিআইয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বিপিজিএমইএর সভাপতি সামিম আহমদ, বিজিএপিএমইএর সভাপতি মো: শাহরিয়ার, বারভিডার সভাপতি আব্দুল হক এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম শাহাদাত হোসেন। তারা হালাল পণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে রপ্তানি বহুমুখীকরণের প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বিসিআইয়ের সাবেক সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্য, অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সবশেষে বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।