উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করার পর শূন্য হওয়া সংসদের সংরক্ষিত নারী আসনটিতে কে বসছেন, তা নিয়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেত্রী ও জেলা পর্যায়ের সংগঠকেরা এই আসনে দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ ও চেষ্টা চালাচ্ছেন। দলের দায়িত্বশীল নেতারা বলছেন, দল ক্ষমতায় থাকায় ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হতে আগ্রহীদের সংখ্যাও অনেক বেশি।
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম আসার পর রাজনৈতিক দায় নিয়ে পদত্যাগ করেন মিষ্টি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পর গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র দেন তিনি। নিয় অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে অর্থাৎ আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এই আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
মিষ্টির শূন্য আসনের আলোচনায় রয়েছে দলটির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ও আইনজীবী শাহানা আক্তার সানু। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আয়শা সিদ্দিকা মনি এবং মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিসও মনোনয়নপ্রত্যাশী। অঙ্গসংগঠন ও জেলা পর্যায়ের বিভিন্ন নেত্রীরাও এই আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
বিএনপির একজন কেন্দ্রীয় নেতা জানান যে পদ একটি কিন্তু দাবিদার এক ডজনের বেশি, ফলে সবাইকে খুশি করা সম্ভব নয়। দলের অঙ্গসংগঠনে যাঁরা দীর্ঘদিন সক্রিয় আছেন এবং সংসদে ভূমিকা রাখতে পারেন, এমন যোগ্য নারী বিবেচনা করা হবে। সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।