উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)। ‘উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ শীর্ষক এই কর্মসূচির আওতায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার বার্লিনে আয়োজিত ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬-এর এক সভায় এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
এই কর্মসূচির মাধ্যমে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা, জরায়ুমুখ ও স্তন ক্যানসারের চিকিৎসা এবং জরুরি প্রসূতিসেবা উন্নত করা হবে। পাশাপাশি জেলা হাসপাতাল, রোগী স্থানান্তর ব্যবস্থা এবং নিবিড় পরিচর্যাসেবা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে যেকোনো মহামারি মোকাবিলায় সহায়ক হবে। সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
স্বাস্থ্য খাতের সংস্কারের অংশ হিসেবে সরকার জিডিপির ১ শতাংশ থেকে পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় ৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার করেছে। পরিকল্পনায় ১ লাখ কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা রয়েছে, যার ৮০ শতাংশই নারী। এছাড়া সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়নে ইউএনএফপিএ কারিগরি সহায়তা প্রদান করবে এবং অন্তত ২৫ মিলিয়ন ইউরো অনুদান সংগ্রহ করছে। পাশাপাশি জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এবং বেসরকারি খাতের অংশীদাররাও এতে সহায়তা দিচ্ছে। ইআইবির ভাইস প্রেসিডেন্ট মারেক মোরা জানান, নারীর স্বাস্থ্যে বিনিয়োগের মাধ্যমে সমাজের সক্ষমতা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।