উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোরের কেশবপুরে রাতের আঁধারে বাড়ির আঙিনায় লাগানো চুইঝাল গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ভোগতী নরেন্দ্রপুর গ্রামের সরদারপাড়ায় মেহেদী হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া চুইঝালের আনুমানিক মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।
মেহেদী হাসান জানান, রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তাঁর বাড়ির আঙিনায় আমগাছ ও সুপারি গাছে ওঠানো চুইঝাল গাছ কেটে নিয়ে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি চুরির ঘটনাটি জানতে পারেন। তাঁর দাবি, এতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় মেহেদী হাসানের পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে। পাশাপাশি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁদের কেউ কেউ মাদক ও জুয়ার বিস্তারকে অপরাধ বৃদ্ধির সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করছেন। তবে চুইঝাল চুরির ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এলাকাবাসী চুরির ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।