উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ ঘিরে দেখা দিয়েছে উৎসবের আমেজ। শনিবার বিকেলে সদর উপজেলার বেউথা এলাকায় আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমিয়েছেন হাজারো দর্শক। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ নদীর পাড় ও বাড়ির ছাদ থেকে এই জমজমাট লড়াই উপভোগ করেন।
জেলা বিএনপির আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ২২টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। বৈঠার ছন্দময় তালে নদী বক্ষে চলা এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুড়িগ্রামের রৌমারী থেকে আসা খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’।
আয়োজকেরা জানান, নৌকার ধরন অনুযায়ী বিজয়ীদের জন্য মোটরসাইকেল, ফ্রিজ ও ইলেকট্রিক বাইকসহ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছিল। এ ছাড়া ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়। গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যসচিব মো. মাসুদ পারভেজ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ছাড়াও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৌকাবাইচ কমিটির সভাপতি অ্যাডভোকেট আ.তা.ম. জহির আলম খান লোদীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।