উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা টাইগ্রেসরা আগামীকাল ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে খেলবে। বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৬৬ রানে অলআউট হয়। দলের হয়ে রিতু মনি ৪৫ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৯ রান করেন। জবাবে ফোবি লিচফিল্ডের ৭৭ রানের ওপর ভর করে ১৪৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
ম্যাচ হারের জন্য ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, বড় জুটি গড়তে না পারা এবং পাওয়ার প্লেতে উইকেট হারানোই ছিল হারের মূল কারণ। পরবর্তী ম্যাচে ব্যাটারদের আরও বেশি ধৈর্যশীল ও ইতিবাচক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
হারলেও এই ম্যাচে অভিষেক হওয়া পেসার হাবিবা ইসলাম পিংকির বোলিং পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। ৬ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। অধিনায়ক জ্যোতি হাবিবার লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করার এই ইতিবাচক দিকটি পরবর্তী ম্যাচে কাজে লাগানোর কথা জানিয়েছেন।