উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ এবং সরকারি স্বাস্থ্যব্যবস্থায় আগামী কয়েক বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (১১ অক্টোবর) জার্মানির বার্লিনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের পেছনে বিনিয়োগকে সরকার ব্যয় হিসেবে না দেখে মা ও নবজাতকের মৃত্যুহার কমানোর একটি কার্যকর জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে।
মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়নে দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
স্বাস্থ্যকর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় ও যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করছে বলে মন্ত্রী উল্লেখ করেন। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ও রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবায় মিডওয়াইফদের অবদানের কথাও তিনি তুলে ধরেন।