উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকার নির্ধারিত চারটি দামস্তরের আড়ালে মোট ১২টি ভিন্ন ভিন্ন দামে ৫৩টি সিগারেট ব্র্যান্ড বাজারজাত করছে কোম্পানিগুলো। এর ফলে ভোক্তার জন্য সামর্থ্য অনুযায়ী ব্র্যান্ড পরিবর্তনের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে এবং কেবল নিম্নস্তরেই ৮টি ভিন্ন দামের সিগারেট পাওয়া গেছে। এই স্তরের সবচেয়ে দামি ব্র্যান্ডের দাম ৯০ টাকা, যা মধ্যমস্তরের ৯২ টাকার দামের কাছাকাছি।
দেশের ৮টি বিভাগীয় শহরের ৮০ জন খুচরা বিক্রেতার মধ্যে পরিচালিত একটি র্যাপিড সার্ভের মাধ্যমে এসব তথ্য জানা গেছে। বেসরকারি গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা সেপ্টেম্বর, ২০২৬ এ এই জরিপটি পরিচালনা করে। তামাকবিরোধীদের দীর্ঘদিনের দাবি সিগারেটের স্তরসংখ্যা পর্যায়ক্রমে ৪টি থেকে কমিয়ে ১টিতে নিয়ে আসা, যাতে দাম বাড়লে ভোক্তা কমদামি ব্র্যান্ড বেছে নেয়ার সুযোগ না পায়।
বৈশ্বিক বিভিন্ন গবেষণা অনুযায়ী, একক মূল্যস্তরে দাম ও করবৃদ্ধির কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় এবং তরুণ ও নিম্ন আয়ের মানুষ সিগারেট ছাড়তে উত্সাহিত হয়। তবে বর্তমানে ১২টি পৃথক দামে সিগারেট কেনার সুযোগ থাকায় কর ও দাম বৃদ্ধি সিগারেটের ব্যবহার হ্রাসে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না। ক্রটিপূর্ণ সিগারেট করকাঠামো এজন্য দায়ী বলে জরিপে উঠে এসেছে।
জриপে দেখা গেছে সরকার প্রতিটি মূল্যস্তরের সাথে ‘তদূর্ধ্ব’ শব্দটি ব্যবহার করে কোম্পানিগুলোকে মূল্যসীমা ব্যবহারের সুবিধা দিচ্ছে। যেমন নিম্নস্তরের ক্ষেত্রে ৬৫ ও তদূর্ধ্ব এবং মধ্যমস্তরের ক্ষেত্রে ৯২ ও তদূর্ধ্ব নিয়ম রয়েছে। ফলে কোম্পানিগুলো ৬৫ টাকা থেকে শুরু করে ৯১ টাকা পর্যন্ত যেকোনো মূল্যে সিগারেট বাজারজাত করার সুযোগ পাচ্ছে।
জরিপের সুপারিশে বলা হয় মূল্যস্তরগুলোর সাথে ‘তদূর্ধ্ব’ লেখা বাদ দিয়ে প্রতিটি স্তরে একটি এককমূল্য নির্ধারণ করতে হবে। এছাড়া পর্যায়ক্রমে স্তরসংখ্যা একটিতে নামিয়ে আনা হলে কর ও মূল্যবৃদ্ধির প্রভাব সঠিকভাবে কাজ করবে বলে জানানো হয়েছে।