উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির সংসদীয় দলের সভায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে অচিরেই স্বৈরাচার ও গুপ্তরা একসঙ্গে হতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় দলের সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় এসব নির্দেশনা দেন তারেক রহমান। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শুরু হওয়া এই সভা তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে এবং রাত সাড়ে নয়টার দিকে শেষ হয়। সভায় বিএনপির ১৯৪ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন এবং অন্তত ২৫ জন মন্ত্রী ও সংসদ সদস্য বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে তারেক রহমান গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখে ইতিবাচক ও পরিবর্তনশীল রাজনীতি করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বিএনপি হামলা-মামলা, জেল-জুলুমের রাজনীতিতে বিশ্বাস করে না এবং জনগণের চাহিদা অনুযায়ী দলকে ইতিবাচক রাজনীতি করে যেতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ার কথা জানিয়ে তিনি সংসদ সদস্যদের বৈরী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে মব সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে তিনি দখল ও চাঁদাবাজি বন্ধের পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধেও কঠোর হওয়ার নির্দেশ দেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে, তাই এখন থেকেই নিজ নিজ এলাকায় কাজ শুরু করতে হবে। স্থানীয় পর্যায়ে যেখানে যিনি জনপ্রিয়, তাঁকে প্রার্থী করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে দল-সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের তাগিদ দিয়ে তিনি আগামী ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থান দিবসের কর্মসূচিও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে পালনের পরামর্শ দেন। সভায় বক্তব্য দেওয়া সংসদ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া, মাদকের বিস্তার এবং মাদক কারবারিদের দ্রুত জামিনে মুক্তি পাওয়ার বিষয়গুলো তুলে ধরেন। এ ছাড়া তাঁরা সার ডিলার নিয়োগে অনিয়ম এবং ফ্যাসিবাদের দোসরদেরও ডিলারশিপ দেওয়ার অভিযোগ করেন। সভায় বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়, মন্ত্রী আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ ও এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।