উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে চাকসার দৌলত পাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাকসার উত্তরপাড়া ফুটবল একাদশ। খেলায় স্থানীয় যুবসমাজের উপচে পড়া ভিড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি গ্রামীণ ক্রীড়াঙ্গনের এক নতুন চিত্র তুলে ধরেছে।
খেলা শেষে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির জোর দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন মিয়া। তিনি বিজয়ী ও বিজিত উভয় দলকে শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সার্বিক আয়োজনের প্রশংসা করেন এবং গ্রামীণ খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম মিয়া বলেন, যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে আমাদের অঞ্চলে স্থায়ী মাঠ কতটা জরুরি। তিনি বলেন, পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলায় ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি-র দেওয়া প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি মাদকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক কালিকচ্ছ বাজার শাখার পরিচালক আফজাল হোসেন রানা এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাম্মৎ মোরশেদা বেগম। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনা করেন আয়োজক কমিটির মোঃ আউয়াল মিয়া, মোঃ আক্তার হোসেন, মোঃ ইয়াকুব মিয়া ও মোঃ ইউসুফ মিয়া।