উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোরের কেশবপুরে মামার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে সাজিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাজিদ কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের হাসানের ছেলে। তার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিবারের একমাত্র সন্তান ছিল সাজিদ।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার মায়ের সঙ্গে মামার বাড়ি বিষ্ণুপুর গ্রামে বেড়াতে যায় সাজিদ। রোববার সকালে বাড়িতে তাকে ভাত খাওয়াচ্ছিলেন তার মা। খাওয়া শেষে অবশিষ্ট ভাত খাওয়ার সময় পরিবারের সদস্যদের অগোচরে সেখান থেকে চলে যায় শিশুটি। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সাজিদকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা। দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত স্বজনেরা। এ ঘটনায় এলাকায়ও শোকের আবহ সৃষ্টি হয়েছে।
সাগরদাঁড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।