উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর রমনার কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিপি কর্মকার, তাঁর স্বামী অর্ণব রায় ও মো. সুমন। ৭ অক্টোবর রমনার কালীমন্দিরে চুরির ঘটনা তদন্তে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়।
পরে উত্তরখানের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে লিপি ও অর্ণবকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা সোনা কেনার অভিযোগে সুমনকে তাঁর দোকান থেকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মন্দিরের প্রতিমা থেকে সোনা চুরির কথা স্বীকার করেছেন। রিমান্ড আবেদন জানিয়ে তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রমনা কালীমন্দির ছাড়াও সিদ্ধেশ্বরী কালীমন্দির, নারায়ণগঞ্জের দেওভোগের শ্রীশ্রী লোকনাথ মন্দির ও নরসিংদীর একটি কালীমন্দিরে সোনা চুরির ঘটনা ঘটেছে।